ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে ২০০৭ সনের ওমর ফারুক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রেজাউল করিমকে পুলিশ গতকাল শুক্রবার গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন। আসামি রেজাউল করিম উপজেলার ছনধরা ইউনিয়নের বাঁশাটি মাইজপাড়া গ্রামের মৃত শাহ জামালের পুত্র। হত্যা মামলায় ২০১৯ সনে সাজাপ্রাপ্ত হয়ে বিদেশ পলাতক ছিল।
উপজেলার বাঁশাটি গ্রামে ২০০৭ সালের ৩০ মে চলাচলের রাস্তা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একই গ্রামের আইয়ুব আলীর ছেলে ওমর ফারুক গুরুতর আহত হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান। এ মামলায় ২০১৯ সালের ২৪ জুলাই ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত আসামি রেজাউল করিম, ভাই মোস্তফা, পিতা শাহজামাল ও প্রতিবেশি কাইয়ুমের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। এ সময় থেকে আসামি রেজাউল করিম বিদেশে পলাতক ছিলেন। ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন জানান, বাড়ি আসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি রেজাউল করিমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
