লিগ্যাল এইড কার্যক্রমে সাধারণ মানুষের আস্থা বাড়ছে

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে জেলা লিগ্যাল এইড কমিটির নবম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দরিদ্র, অসহায় ও হতদরিদ্র মানুষের কাছে বিনামূল্যে আইনি সহায়তা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার জেলা জজকোর্টের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার। সভাপতির বক্তব্যে সামছুন্নাহার বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করাই লিগ্যাল এইড কমিটির অন্যতম প্রধান দায়িত্ব। হতদরিদ্র ও অসহায় মানুষ যাতে অর্থের অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটি বদ্ধপরিকর। তিনি বলেন, বর্তমানে চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আগের তুলনায় আরও গতিশীল হয়েছে। বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা বিৃ দ্ধ পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে লিগ্যাল এইড কার্যক্রমের প্রতি আস্থা বাড়ছে। ফলে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার জন্য মানুষের আগ্রহও বৃদ্ধি পেয়েছে। লিগ্যাল এইডের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করতে নিজস্ব অফিসের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান।

তিনি বলেন, চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিসের নিজস্ব কার্যালয় থাকলে সেবাদান কার্যক্রমে আরও গতি আসবে। ইতোমধ্যে নিজস্ব অফিসের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাহিদা প্রেরণ করা হয়েছে।