পাকুন্দিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে পাকুন্দিয়া পৌরসভার আনোয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা ওই গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে নুসাইবা (২) ও তার বোন মরিয়মের মেয়ে আদিবা (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। স্থানীয় ও স্বজনেরা জানায়, সকালে নুসাইবা ও আদিবা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।