খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

গত শুক্রবার বিরামপুর বড় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। টুর্নামেন্টের উদ্বোধক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সবাইকে নিয়মিত মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানান। তিনি বলেন, দিনাজপুর-৬ আসন থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ফুটবলার তৈরি হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

টুর্নামেন্টে দিনাজপুর-৬ নির্বাচনী এলাকার বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা থেকে মোট ২৬টি দল অংশগ্রহণ করবে। এ আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।