বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা, ইমাম আটক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রুবেল মিয়া (৩২) নামের এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বীর কামাটখালী এলাকার 'মাতৃছায়া নাম বৃদ্ধাশ্রমে' এ ঘটনা ঘটে। আটক রুবেল মিয়া স্থানীয় চৈতন কালী মসজিদের ইমাম এবং উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ইমাম রুবেল মিয়া হঠাৎ বৃদ্ধাশ্রমে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি সেখানকার ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই নারীর চিৎকারে বৃদ্ধাশ্রমের অন্যান্য বাসিন্দারা এগিয়ে এসে ইমাম রুবেলকে জাপটে ধরে ফেলেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে অভিযুক্ত ইমামকে আটকে রাখেন এবং থানায় সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রুবেলকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত রুবেল মিয়া আটকের পর দাবি করেন, তিনি ওই নারীসহ বৃদ্ধাশ্রমের অন্য নারী ও পুরুষদের সেবা করার উদ্দেশ্যে সেখানে প্রবেশ করেছিলেন। এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
