কচা নদীতে ভারতীয় শাড়িসহ ট্রলার আটক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীর কচা নদীতে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে।

এ সময় এফবি হাজী পেয়ার নামে একটি ট্রলার জব্দ করা হয়। তবে ট্রলারে থাকা লোকজন অভিযান চলাকালে কোস্টগার্ডের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। গতকাল শনিবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি টহল দল পাথরঘাটা উপজেলার মধ্য চরদোয়ানি ইউনিয়নসংলগ্ন বলেশ্বর নদীতে অভিযান শুরু করে। এ সময় সন্দেহজনক একটি ট্রলারকে ধাওয়া করা হয়। পরে পিরোজপুরের কাউখালীর পুরাতন বেকুটিয়া ফেরিঘাটের পশ্চিমপাড় কুমিরমারা এলাকায় ট্রলারটি আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, ট্রলারটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি পাওয়া যায়। আটক ট্রলারটির নাম এফবি হাজী পেয়ার, নম্বর এফ-১১৫৪৯। প্রাথমিকভাবে উদ্ধার করা শাড়িগুলো প্রায় ৩৫০ বস্তায় রয়েছে বলে জানা গেছে। প্রতিটি বস্তায় আনুমানিক ৯০ থেকে ১০০টি শাড়ি থাকতে পারে। তবে উদ্ধার হওয়া শাড়ির সঠিক সংখ্যা ও আনুমানিক বাজারমূল্য এখনো নির্ধারণ করা হয়নি। উদ্ধার করা মালামাল গণনা ও তালিকাভুক্ত করার কাজ চলছে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান জানান, কোস্ট গার্ড ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। মালামাল গণনা ও তালিকাভুক্ত করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।