১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে কৃষকদল নেতাসহ তিন মাদককারবারিকে ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৪ (এসআরবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেলসহ নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—ময়মনসিংহের কোতোয়ালি থানার কাউনিয়া গ্রামের আসাদুজ্জামানের ছেলে আশরাফুল আলম (৩৯), কুমিল্লার মুরাদনগর থানার মুছাগাড়া গ্রামের নান্নু মিয়ার ছেলে রাজু ইসলাম (৩০) এবং সখীপুর উপজেলার বেতুয়া গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে ও বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হেলাল মিয়া (৪২)।

এসআরবি সূত্রে জানা যায়, রোববার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৪ টাঙ্গাইলের একটি দল সখীপুরের বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসায়। এ সময় একটি কাভার্ডভ্যান এবং সেটিকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়।

পরে কাভার্ডভ্যান থেকে চারটি বস্তায় থাকা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা জানিয়েছেন।

এ ঘটনায় এসআরবির উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে।