ধোবাউড়ায় এলপিজি গ্যাসের সংকট

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় এলপিজি গ্যাসের তীব্র সংকটে বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহক। প্রয়োজনীয় গ্যাসের সিলিন্ডার কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরেও অনেকেই খালি হাতে ফিরছেন। এতে গ্রাহকের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। সরেজমিন ধোবাউড়া বাজারের বিভিন্ন এলপিজি গ্যাস বিক্রির দোকান ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিন ধরে গ্যাসের সরবরাহ কমে গেছে। ব্যবসায়ীরা জানান, নিয়মিত গ্যাসের গাড়ি না আসায় চাহিদা অনুযায়ী সিলিন্ডার সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এক চা দোকানি জানান, দোকানের জন্য গ্যাসের প্রয়োজন হওয়ায় অনেক দোকানে খোঁজাখুঁজি করেও সিলিন্ডার পাননি।

পরে অনেক কষ্টে একটি এলপিজি সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকা দিয়ে কিনতে হয়েছে। এতে ব্যবসা পরিচালনায় অতিরিক্ত খরচের পাশাপাশি ভোগান্তিও বাড়ছে। গ্রাহকদের অভিযোগ, বাজারে গ্যাসের সংকট তৈরি হওয়ায় কেউ কেউ বেশি দামে সিলিন্ডার বিক্রি করছেন। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত গ্যাসের সরবরাহ স্বাভাবিক করে সংকট নিরসনের দাবি জানিয়েছেন তারা।

ব্যাবসায়ী এরশাদুল হক জানিয়েছেন, ডিলাররা ২ হাজার টাকার কমে সিলিন্ডার দেয়না কি করব। এ বিষয়ে ধোবাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুকসুদুস সালেহীনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান। গ্রাহকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ধোবাউড়ায় এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক করবে এবং অতিরিক্ত দামে গ্যাস বিক্রির বিষয়টিও নজরদারির আওতায় আনবে।