অভয়নগরে এলপিজি গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। উপজেলার সবচেয়ে বড় বাজার নওয়াপাড়াসহ অন্য বাজারগুলোতে মিলছে না পর্যাপ্ত সিলিন্ডার। যা পাওয়া যাচ্ছে তাও প্রয়োজনের তুলনায় অনেক কম ও দাম অনেক বেশি। নওয়াপাড়ার বাসিন্দা রাজিউর রহমান বলেন, কোথাও গ্যাস না পেয়ে গত ৪ দিন ধরে রাইস কুকারে রান্না করে আলু ভর্তা আর ভাত খেয়ে আছি। অবশেষে ইলেকট্রিক চুলা কিনতে বাধ্য হয়েছি। উপজেলার শহরে-গ্রামে একই অবস্থা। কোথাও সিলিন্ডার মিলছে না।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা হলেও উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৭০০ টাকায়। এই বাড়তি দামের জন্য সাধারণ ক্রেতাদের পাশাপাশি বিপাকে পড়েছেন হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীরা। নওয়াপাড়া বাজারের খাবার হোটেল ব্যবসায়ী তরিকুল বলেন, গ্যাস সিলিন্ডার এভাবে বেশি দামে কিনতে হলে আমরা খাবারের দাম বাড়াতে বাধ্য হব।

ভাঙ্গাগেট এলাকার মুদি দোকানি স্বপন বলেন, উৎপাদন কম হচ্ছে এই অজুহাতে কোম্পানি গুলো আমাদের চাহিদার তুলনায় অনেক কম দিচ্ছে। গ্যাসের সিলিন্ডার কম পাওয়াতে আমরাও ব্যবসায়ীক ক্ষতি হচ্ছে। সরবরাহ কমের অজুহাতে দাম বেশি হওয়াতে গ্যাসর্নিভর পরিবার গুলোর জীবনে চরম অস্থিরতা বিরাজ করছে। এখন গ্যাস সংকটে বিকল্প হিসাবে ইগনিটর বা বৈদ্যুতিক চুলার দিকে ঝুঁকছেন তারা। ফলে, বিদ্যুৎ সংকট আরও ঘনীভূত হচ্ছে।

বেশি দামের জন্য ভোক্তাদের ওপর সৃষ্টি হচ্ছে অর্থনৈতিক চাপ। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু বলেন, কোথাও গ্যাসের সংকট আছে বলে জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।