ফরিদপুরে ৭৮১ মণ্ডপে নিরাপত্তা জোরদারের প্রস্তুতি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে ৭৮১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারসহ নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলো চিহ্নিত করে সেখানে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন, সব মণ্ডপ সিসিটিভির আওতায় আনা এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গতকাল রোববার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহিদ হোসেন, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি, ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা, ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. বেলাল উদ্দিন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং মন্দির কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, এ বছর ফরিদপুর জেলায় মোট ৭৮১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপে পর্যাপ্ত আলোকসজ্জা, অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক তারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জেনারেটর ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং, নারী ও শিশু হয়রানিসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। পূজা চলাকালে শহরে অবৈধ মোটরসাইকেলের প্রবেশ নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় মাদক নিয়ন্ত্রণ এবং ডিজে গান পরিহার করে ধর্মীয় গান পরিবেশনের আহ্বান জানানো হয়। সভায় পূজামণ্ডপ ও আশপাশের এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা, সুপেয় পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি প্রতিমা বিসর্জনের সময় নদী ও জলাশয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় ফরিদপুরে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
