সিন্ডিকেট থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় : খাদ্যমন্ত্রী

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, সিন্ডিকেট কোনো সরকারই পছন্দ করে না। কারণ সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমরাও চাই সিন্ডিকেট বলে যেন কোনো শব্দই না থাকে। জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই খাদ্য মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। সাধারণ মানুষ যাতে নিরাপদ খাদ্য পায়, সে লক্ষ্যেই মন্ত্রণালয় কাজ করছে। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্যগুদাম ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। আমাদের মূল লক্ষ্য হলো জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নিয়মিত বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত ও সরবরাহব্যবস্থা পর্যবেক্ষণ করছি। এ পর্যন্ত আমরা বড় ধরনের কোনো সমস্যার মধ্যে পড়িনি। ভবিষ্যতেও যাতে দ্রুত যেকোনো সমস্যা সমাধান করা যায়, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

পুষ্টিকর চাল উৎপাদনের যে প্রকল্পটি নেওয়া হয়েছে, সেটি কবে উদ্বোধন বা চালু হবে- এ মুহূর্তে নির্দিষ্ট সময় বলতে পারছি না। আমরা আজ এখানে এসেছি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর চেষ্টা করা হবে।

এর আগে সকাল ১০টার দিকে ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দা মিল পরিদর্শনের মাধ্যমে খাদ্যমন্ত্রীর দিনের কর্মসূচি শুরু হয়। পরে দুপুর ১টার দিকে তিনি নারায়ণগঞ্জ সাইলোতে পৌঁছে সাইলো ও এর অভ্যন্তরে থাকা নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন।

এ সময় খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা, মিলের কার্যক্রম ও সার্বিক খাদ্য ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন খাদ্যমন্ত্রী। পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বের অংশ হিসেবে দেশের বিভিন্ন খাদ্য সংরক্ষণাগার ও স্থাপনা পরিদর্শন করা হচ্ছে। এসব স্থাপনার অবস্থা, খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থা এবং কর্মীদের কাজের পরিবেশ সরেজমিনে দেখে প্রয়োজনীয় উন্নয়ন ও সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।