দুর্গাপুরে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত আটক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার বালিকান্দি গ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে । এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি বালিকান্দি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। ভুক্তভোগী কিশোরীর পরিবার জানান, শনিবার রাত সাড়ে আটটার দিকে বাড়ির দক্ষিণ পাশে রাতের খাবারের উচ্ছিষ্ট পানি ফেলতে গেলে কাশেম ওই কিশোরীকে একা পেয়ে মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে শিশুটি হাঁটতে পারছিল না। পরদিন প্রতিবেশী এক ভাবীর কাছে বিষয়টি খুলে বলে ভুক্তভোগী। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে গণমাধ্যমকর্মীদের একটি দল ঘটনাস্থলে গেলে ভুক্তভোগী কিশোরী ঘটনার বিষয়ে তাদের কাছে অভিযোগ করে। স্থানীয় কতিপয় মাতব্বর বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করেন। কিশোরীর পরিবারকে মুখ খুলতে চাপ প্রয়োগ করেন। এজন্য ভয়ে কিশোরীর বাবা থানায় গিয়ে অভিযোগ করতে চাননি। মেয়েকে বিয়ে দিতে অসুবিধা হবে ঘটনা জানাজানি হলে এমন চাপ দেন মাতব্বরা। তার স্ত্রী ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারকেও হুমকি দেন। জানা গেছে,কিশোরীর পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। ঝালমুড়ি বিক্রি করে সংসার চালান। মা অন্যের বাড়িতে কাজ করেন। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে এবং বৃদ্ধ মাকে সঙ্গে নিয়ে কষ্টে দিন কাটছে পরিবারটির।
দুর্গাপুর থানার ওসিকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠান। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেপ্তার করে। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
