কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু আহত

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মজিবুর রহমান, শরীয়তপুর

জাজিরায় রাস্তার পাশে কসটেপে মোড়ানো ককটেল খেলনা ভেবে হাতে তুলে নিয়ে মাটিতে ফেলতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মো. কামরুল (১৪) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে একটি প্রাইফেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় প্রেরন করেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মা সেতুর দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা ইউনিয়নের ফেদুল্লা বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত কামরুল ওই এলাকার রাজ্জাক বেপারীর ছেলে। পদ্মা সেতু দক্ষিণ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে জুনায়েদ আহমেদ (১৭) নামে এক কিশোর ফেদুল্লা বেপারী কান্দি এলাকায় রাস্তার পাশে কসটেপে মোড়ানো বস্তু পড়ে থাকতে দেখে খেলনা বল মনে করে হাতে তুলে নেয়। এ সময় আহত কামরুল (১৪) স্কুলে যাওয়ার সময় জুনায়েতের হাতে কি রয়েছে যানতে চায়।

পরে দুজন মিলে সেটি কামরুলের দাদি নাসিমা বেগমকে দেখালে তিনি ককটেল বলে জানান। আতঙ্কিত হয়ে জুনায়েদ সেটি মাটিতে ফেলে দিলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

এতে কাছাকাছি থাকা কামরুল আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে অরক্ষিত অবস্থায় আরও দুটি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়দের মধে আতঙ্ক দেখা দিয়েছে। পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বলেন, ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হওয়ার খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে রাস্তার পাশে অরক্ষিত অবস্থায় আরও দুটি ককটেল পাওয়া গেছে।