নারায়ণগঞ্জে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সরকারের দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে নারায়ণগঞ্জ এলজিডি কার্যালয়ে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভায় নারায়ণগঞ্জ এলজিইডির পক্ষ থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পরে এলজিডি সকল কর্মকর্তা ও কর্মচারীগণ এলজিডি ভবন ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নেন। সভায় এসময় এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান জানান, শুধু ঔষুধ ছিটানোর ওপর নির্ভর না করে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। নিজ নিজ প্রতিষ্ঠান ও কর্মস্থল পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। সাম্প্রতিক সময়ে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
উপজেলা পরকৌশলী ইয়াসির আরাফাত বলেন, পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলা সকলের দায়িত্ব। এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণ অত্যন্ত জরুরি। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং নিজেদের বাড়িঘর, সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। এসময় সিনিয়র সহকারি অনুপ কুমার বড়ুয়া, সহকারী প্রকৌশলী মো. আবু তাহের, সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী মো. রমজান হোসেনসহ দপ্তরের সকল কর্মচারীর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
