সুসং সরকারি কলেজে শিক্ষক সংকট
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী সুসং সরকারি মহাবিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। বিশেষ করে ইংরেজি ও আইসিটি বিষয়ের শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। একই সঙ্গে অফিস সহকারীর পদ শূন্য থাকায় দাপ্তরিক কাজ পরিচালনাতেও হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।
১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয় এই শিক্ষাপ্রতিষ্ঠানটি । দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসা কলেজটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় শ্রেণিকক্ষের সংকটও প্রকট হয়ে উঠেছে। ফলে নতুন বহুতল ভবন নির্মাণ এখন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কলেজ সূত্রে জানা গেছে, পাঁচটি বিষয়ে অনার্স চালুর জন্য ইতোমধ্যে অধিভূক্তি ফি বাবদ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৫০ হাজার টাকা চলতি বছরের জুলাই মাসের সাত তারিখে সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়া হয়েছে। সুসং সরকারি মহাবিদ্যালয়ে অনার্স কোর্স চালু হলে এ এলাকাসহ
পার্শ্ববতী উপজেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীরা উপকৃত হবে। অনার্স কার্যক্রম চালু হলে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে। এ অবস্থায় কলেজটিতে অন্তত দুটি বহুতল একাডেমিক ভবন নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
শিক্ষক সংকটের পাশাপাশি জনবল সংকটও রয়েছে। বর্তমানে তিনজন খণ্ডকালীন শিক্ষক, পাঁচজন খণ্ডকালীন অফিস সহায়ক, একজন খণ্ডকালীন কম্পিউটার অপারেটর এবং একজন খণ্ডকালীন অফিস সহকারি দিয়ে বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। অন্যদিকে অফিস সহকারীর একটি পদ শূন্য রয়েছে। ফলে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় সমস্যায় পড়তে হচ্ছে কলেজ কর্তৃপক্ষকে।
সংশ্লিষ্টরা বলছেন, ইংরেজি বিষয়ের স্থায়ী পদ না থাকায় প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ হচ্ছে না। একইভাবে আইসিটি শিক্ষক না থাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পাঠদানেও ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের স্বার্থে অন্তত ইংরেজি ক্লাস পরিচালনার জন্য সংযুক্তি শিক্ষক অন্তর্ভুক্ত করা জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়ে সুসং সরকারি মহাবিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান বলেন, কলেজটি দীর্ঘদিন ধরে এই অবহেলিত জনপদে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু শিক্ষক ও জনবল সংকটের কারণে বর্তমানে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইংরেজি ও আইসিটি বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় শিক্ষক ও জনবল সংযুক্ত করা হলে শিক্ষার্থীরা উপকৃত হবে।
তিনি আরও বলেন, পাঁচটি বিষয়ে অনার্স চালুর প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। অনার্স কোর্স চালু হলে শিক্ষার্থীদের চাপ আরও বাড়বে। তাই এখন থেকেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সুসং সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান সিরাজ বলেন, "কলেজের শিক্ষক ও জনবল সংকটের বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। বিশেষ করে ইংরেজি ও আইসিটি বিষয়ে শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে সমস্যা হচ্ছে। পাশাপাশি অফিস সহকারীর পদ শূন্য থাকায় দাপ্তরিক কাজও ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় কলেজের অবকাঠামোগত উন্নয়ন জরুরি। অনার্স চালু হলে শ্রেণিকক্ষের চাহিদা আরও বাড়বে। তাই বহুতল ভবন নির্মাণসহ প্রয়োজনীয় শিক্ষক ও জনবল পাওয়া গেলে কলেজটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
এদিকে, সুসং সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ইংরেজি বিষয়ের ক্লাস পরিচালনার জন্য সংযুক্তি শিক্ষক অন্তর্ভুক্তি, আইসিটি শিক্ষক নিয়োগ, শূন্য পদে জনবল পূরণ এবং নতুন বহুতল ভবন নির্মাণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের হস্তক্ষেপ কামনা করেছেন কলেজ সংশ্লিষ্টরা।
তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিলে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে এবং দুর্গাপুরসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিসর আরও বিস্তৃত হবে।
