অপরাধ করে দেশছাড়া হলে ফেরার সুযোগ নেই
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাভার প্রতিনিধি
অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হওয়া ব্যক্তিদের দেশে ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, 'অপরাধী অপরাধীই। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে। এটি আইনের প্রক্রিয়া। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে। গতকাল বুধবার বিকালে সাভার উপজেলা পরিষদের হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আয়োজিত বিশেষ সভায় যোগ দেন প্রতিমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের হুমকি নেই জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সনাতন ধর্মাবলম্বীরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উৎসব উদযাপন করবেন। পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পূজামণ্ডপ ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা সিসিটিভি নজরদারির আওতায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক ও মন্দির কমিটির সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। গোয়েন্দা সংস্থা ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তারাও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। সম্প্রতি ককটেল বিস্ফোরণ, দুষ্কৃতকারীদের উসকানি কিংবা নাশকতার আশঙ্কা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, সম্ভাব্য সব ধরনের ঝুঁকি বিবেচনায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বিত তৎপরতায় যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা তিনি। রাজনীতি ও অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, অপরাধের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যারা অপরাধ করেছে, তাদের প্রচলিত আইনে বিচার হবে। যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদের দেশে ফেরার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার আইনগত প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সব ধর্মের মানুষ যাতে নিরাপদে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সরকার সে লক্ষ্যেই কাজ করছে। দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ ও উৎসবের সঙ্গে পূজা উদযাপন করবেন—এমন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সভায় সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁরা পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় পর্যায়ে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন। সভায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
