স্কুলছাত্র অপহরণ ঘটনায় দম্পতি গ্রেপ্তার

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় আট বছরের এক স্কুলছাত্রকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে অপহরণকারী চক্রের মূলহোতা ও তার দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় অপহৃত আট বছর বয়সী স্কুলছাত্র সাইমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, গত ৩ অক্টোবর সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে আশুলিয়া থানার পলাশবাড়ী পশ্চিমপাড়া গোচারটেক এলাকায় অবস্থিত আলহাজ আব্দুর রশিদ মডেল স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে থেকে স্কুল ছুটির পর প্লে-শ্রেণির ছাত্র সাইমকে অজ্ঞাতনামা ব্যক্তিরা অপহরণ করে। পরে তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা নাছির উদ্দিন বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলে, আশুলিয়া থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে।

অভিযানের ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলার ভালুকা থানার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত মো. নাদিম ওরফে হৃদয় ও তার দ্বিতীয় স্ত্রী আসমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।