টংগীবাড়ীতে দুই ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার টংগিবাড়ী বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার সোনারং-টংগীবাড়ী ইউনিয়নের টংগিবাড়ী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন টংগীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী। জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত গ্যাস বিক্রির সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় দুই ব্যবসায়ীকে পৃথক দুটি মামলায় প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের পণ্যের প্রকৃত মূল্য সম্পর্কে সচেতন করা হয় এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী বলেন সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করলে আইনের আওতায় আনা হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ভোক্তাদেরও পণ্যের নির্ধারিত মূল্য সম্পর্কে সচেতন থাকতে হবে।
