সিরাজদিখানে দুই বসতঘর পুড়ে ছাই

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় আগুনে আরও একটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়ই হাজী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সিরাজদিখান ফায়ার স্টেশনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাঠ ও টিনের তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বিমল মণ্ডল ও বিশু মণ্ডলের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং পাশের আরও একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।