সাটুরিয়ায় চার মাদকসেবির কারাদণ্ড
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
সাটুরিয়া উপজেলায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা-পাইকপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, নির্দিষ্ট এলাকায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিঘ্ন ঘটানোর সময় চারজনকে হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকরা হলেন- সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকার মো. রহমতুল্লাহর ছেলে মো. আলমগীর, একই এলাকার মৃত ওয়াজউদ্দিনের ছেলে আলামিন, গোলড়া পূর্বপাড়ার মৃত সহিমুদ্দিন আলীর ছেলে গোলাপ হোসেন (৩৮) এবং মানিকগঞ্জ সদরের কাটিগ্রাম এলাকার মৃত ইউনুছের ছেলে আনসার আলী (৩০)। সাজাপ্রাপ্তদের মধ্যে গোলাপ হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মো. আলমগীর ও আনসার আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড এবং আলামিনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, মাদকের বিস্তার রোধ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
