নকল ও ভেজাল পণ্যের কারখানায় অভিযান

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি নকল ও ভেজাল ভোগ্যপণ্য তৈরি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জালিয়াতির দায়ে কারখানার মালিক আল আমিন হাওলাদার নামের একজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে উপজেলার লক্ষ্মীপুরা মহল্লার সুমন মিয়ার ভাড়াটিয়া ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে পরিচালিত অভিযানে নামি-দামি ব্যান্ডের মোড়কসহ বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— কৃষাণী চিনিগুড়া চাল, কাশ্মিরি সুগন্ধি চাল, নিউ সান আইসক্রিম (কাপ, চকবার ও কোন), রোবো আইস পপ, ভেজাল মধু ও নিউ সান হোয়াইট ডিটারজেন্ট পাউডার, সয়াবিন তৈল। এছাড়া ভেজাল ড্রিংকস ও জুস তৈরির কেমিক্যাল, হাই স্পিড ড্রিংক, ম্যাংগো ও লিচুর ক্ষতিকর ফ্লেভার, অননুমোদিত রঙ, বিভিন্ন মেশিনারিজ, ৪টি রেফ্রিজারেটর এবং ৩টি কম্পিউটার জব্দ করা হয়।

অভিযানকালে আটক আল আমিন হাওলাদার ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করলে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে অবৈধ কারখানাটি সিলগালা করা হয়। পরবর্তীতে জব্দ সকল নকল ও ভেজাল পণ্য ভাণ্ডারিয়া লঞ্চঘাট এলাকায় সর্বসাধারণের সম্মুখে ভেঙে ধ্বংস করা হয়।