সিরাজগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেপ্তার
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামে গৃহবধূ রাবেয়া খাতুন (২২) হত্যা মামলার আসামি শ্বশুর আফজাল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই গৃহবধূ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন মাঝে মধ্যে শারীরিক ও নানারকম মানসিক নির্যাতন করতো। এরই একপর্যায়ে গত ১১ সেপ্টেম্বর দুপুরের দিকে ওই গৃহবধূকে জুসের মধ্যে বিষ খাওয়ায়ে রিকশাতে তুলে বাবার বাড়িতে পাঠানো হয়। অসুস্থ গৃহবধূ বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজন এ ঘটনা অবগত করে। স্বজনরা তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে উন্নত চিৎিসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে গত ২৮ সেপ্টেম্বর তার বড় ভাই অমিত হাসান বাদী হয়ে গৃহবধূর স্বামী তরিকুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলায় বিশেষ তদন্তও শুরু করা হয় এবং গোপনসংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
