সম্মাননা পেলেন সিরাজগঞ্জের ২ পুলিশ কর্মকর্তা
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারসহ ২ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা দেয়া হয়েছে। উত্তম কাজ ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ এ সম্মাননা দেয়া হয়। তারা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ ও সদর থানার ওসি রাকিবুল হাসান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার ও ওসিকে এ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)। এ সভায় সেপ্টেম্বর মাসে পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনকালে বিশেষ অবদান রাখা কর্মকর্তাদের কাজের মূল্যায়ন করা হয়। এ মূল্যয়নের তালিকায় দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ৩৪ জন পুলিশ সদস্যকে অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে। এ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন, মামলা সংক্রান্ত অগ্রগতি, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার, উদ্ধার এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয় এবং সেইসাথে ভবিষ্যতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা আরও জোরদার করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়। এ সভায় পুলিশ সুপার বিশেষ অবদান রাখা কর্মকর্তাদের অভিনন্দন জানান। ভবিষ্যতে তাদের পেশাদারিত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, মানবসেবায় পুলিশের দায়িত্ব গুরুত্বপূর্ণ এবং ভালো কাজের স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরো উৎসাহিত করবে এবং জনগণের সেবায় পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন। পুলিশ সুপারের সভাপতিত্বে এ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, থানার ওসিসহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
