চাকসুর বিতর্ক উৎসব

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চবি প্রতিনিধি

শিক্ষার্থীদের যুক্তিবোধ, বুদ্ধিবৃত্তিক সক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী 'চাকসু বিতর্ক উৎসব ২০২৬'। ১০ ও ১১ অক্টোবর চাকসু প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাকসুর পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি অর্জনের স্থান নয়; বরং এটি চিন্তা, যুক্তি, জ্ঞান ও মতবিনিময়ের একটি মুক্ত ক্ষেত্র। শিক্ষার্থীদের মননশীলতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক ও মুক্তচর্চার পরিবেশ তৈরিতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। আয়োজকদের সূত্রে জানা গেছে, এবারের বিতর্ক উৎসবে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২৪টি দল অংশগ্রহণ করবে। দুদিনব্যাপী আয়োজনের প্রথম দিনে গ্রুপ পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনে সেমিফাইনাল ও চূড়ান্ত ফাইনাল পর্বের বিতর্ক অনুষ্ঠিত হবে। বিচারকার্য পরিচালনায় থাকবেন দেশের খ্যাতিমান ও অভিজ্ঞ বিচারকমণ্ডলী। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিতর্কিকের জন্য টি-শার্ট, প্যাড, কলম এবং এপ্রিশিয়েশন ফ্রেম প্রদান করা হবে। চাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও একাডেমিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তানজিম বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, মুক্তচিন্তা ও যুক্তিবাদী সমাজ গঠনের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি গণমাধ্যমকর্মী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের এই উৎসব সফল করতে সার্বিক সহযোগিতা কামনা করেছেন।