চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়ে কয়েকটি গ্রাম লণ্ডভণ্ড

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দীননাথপুর ও গাইদঘাটসহ কয়েকটি গ্রামের ওপর দিয়ে হঠাৎ বয়ে যাওয়া কয়েক মিনিটের প্রচণ্ড ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এই ঝড়ে গাছপালা উপড়ে গিয়ে এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পুরো এলাকা লণ্ডভণ্ড হয়ে পড়ে। বৃহস্পতিবার বিকালে এই দুর্যোগের কারণে স্থানীয় রেললাইনের ওপর বড় বড় গাছ ভেঙে পড়ে। এতে চুয়াডাঙ্গার সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ওপর গাছ ভেঙে থাকা অবস্থাতেই একটি ট্রেন চলে আসে এবং পরিস্থিতি বিবেচনায় সতর্কতার সঙ্গে ভাঙা গাছের ওপর দিয়েই ট্রেনটি চালানো হয়। পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ট্রেনটি থামানো হয়। এরপরই স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন এবং গাছ সরানোর কাজে হাত দেন। রেলকর্মী ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর রেললাইন থেকে গাছপালা সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হয়। পরে ওই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।