ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় হত্যাসহ অর্ধ ডজন মামলার আসামি মাহবুব আলম (৫০) কে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ২ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার মাহবুব আলম কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া দরগাপাড়া গ্রামের আনসার শেখের ছেলে। ইমিগ্রেশন পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মাহাবুব আলম কুষ্টিয়া থেকে ট্রেনযোগে দর্শনা হল্ট রেল স্টেশনে পৌঁছায়। ওখান থেকে ভ্যানযোগে উপজেলার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোষ্টে আসে। এরপর মাহবুব আলম ভারতে পালানোর উদ্দেশ্যে ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে গেলে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে,দর্শনা থানা পুলিশের সোপর্দ করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) নজরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাহবুব আলমের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় হত্যাসহ অর্ধ ডজন মামলা রয়েছে। সে ভারতে পালানোর উদ্দেশ্যে দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তে আসে। তিনি আরও জানান, তাকে কুষ্টিয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।