চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু, একদিনে আক্রান্ত ১০৫

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসকান আরা মিম (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া মুসকান আরা মিম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার মাহবুব আলমের মেয়ে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বুধবার দিবাগত রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি হয় মুসকান। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তার চিকিৎসা চলছিল। পরবর্তীতে রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আরও জানান, এই নিয়ে জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩জনের মৃত্যু হলো। এদিকে স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন উদ্বেগের সৃষ্টি করছে। এক দিনে চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১০৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে জেলা হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৬১ জন। এর মধ্যে শুধু ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালেই ভর্তি হয়েছেন ৫৫ জন। পূর্বের ভর্তি থাকা রোগীসহ বর্তমানে জেলা হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন মোট ৯৯ জন রোগী। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ২৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।