পাবনায় আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার, আটক দুই

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনায় আগ্নেয়াস্ত্র, গুলি, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ৩৬ বোতল মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এ সময় পুলিশ দুজনকে আটক করেছে। আটকদের গতকাল শনিবার সকাল ১১টার দিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটকরা হলেন- চরতারাপুর ইউনিয়নের ভাদুরী ডাঙ্গি গ্রামের শাহের মোল্লার ছেলে তমসের মোল্লা এবং ছাতিয়ানী মধ্যপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে বাপ্পি। তাদের মধ্যে একজনের বাড়ি থেকে একটি একনলা বন্দুক, একটি শুটার গান, আট রাউন্ড তাজা গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম এবং অন্যজনের কাছ থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে চরতারাপুর ইউনিয়নের ভাদুরীডাঙ্গি গ্রামের আকাশ মোল্লা ও তমসের মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তমসের মোল্লার দেখানো মতে আকাশ মোল্লার শয়নকক্ষ এবং তমসের মোল্লার ঘর থেকে একটি একনলা বন্দুক, একটি শুটার গান, আট রাউন্ড তাজা গুলি ও অবৈধ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় তমসের মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে অভিযানের আগেই মূল অভিযুক্ত আকাশ মোল্লা পালিয়ে গেছেন। একই দিন পাবনা সদর উপজেলার চক ছাতিয়ানী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৬ বোতল এসকাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাপ্পি নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী ও খুলনা রেঞ্জের সীমান্তবর্তী জেলাগুলোতে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় পাবনার পুলিশ সুপার আবু আশরাফের দিকনির্দেশনায় পাবনা সদর থানা এলাকায় সমন্বিত অভিযান চালানো হয়। অভিযানে পাবনা সদর থানার পুলিশ, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি), জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং অতিরিক্ত পুলিশ সদস্যরা অংশ নেন।