রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যায় গ্রেপ্তার ৩
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান ওরফে রোহান হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে রাখা হয় বলে জানান পুলিশ। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীকে এখনও গ্রেপ্তার করা যায়নি। গতকাল শনিবার বেলা দেরটার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।
গ্রেপ্তাররা হলেন- রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর গ্রামের দুলাল সরদারের ছেলে ফিরোজ সরদার বাবু , গণি সরদারের ছেলে রিয়াজ সরদার এবং সমেশপুর গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে মো. শরীফ । পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের পর থেকেই জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও হত্যার রহস্য উদ্?ঘাটনে কাজ করছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে রোহানকে ডেকে নিয়ে প্রথমে গামছা ও টি-শার্ট দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ যেন পানিতে ভেসে না ওঠে, সে জন্য চাকু দিয়ে পেট কেটে বস্তায় ভরে একটি ডোবায় ডুবিয়ে রাখা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
