ক্ষেতলালে ৮৪টি বকনা গরু বিতরণ
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের আয়বর্ধক কর্মসূচির আওতায় বিনামূল্যে ৮৪টি বকনা গরু বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগীদের মাঝে এসব গরু বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয় ও এসডিএস এনজিওর যৌথ উদ্যোগে বৈশ্বিক মহামারির প্রেক্ষাপটে জয়পুরহাট জেলার প্রান্তিক জনগোষ্ঠীর কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল-মামুন মিয়া। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, এসডিএস এনজিওর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়ায়েব মাহবুব ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপক আনিছুর রহমান।
