ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পলাশ(নরসিংদী) প্রতিনিধি

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ২১ বছর পর সকল ব্যাচের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। গত শুক্রবার নরসিংদীর ইউরিয়া সার কারখানা কলেজ প্রাঙ্গণে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক স্কুলের ১৯৭৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ী আবু ছাইদ। তিনি নিজে রেজিস্ট্রেশন সম্পন্ন করার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। পরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আয়োজক কমিটির সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করেন। এসময় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির সদস্য সচিব এপিএসসিএল-এর উপ-মহাব্যবস্থাপক স্কুলের ১৯৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ এনামুল হক জানান, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। নির্দিষ্ঠ ওয়েবসাইটে প্রবেশ করে গতকাল শুক্রবার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। তিনি আরও জানান, প্রাক্তন শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা। পরিবারের সদস্য ও ড্রাইভারদের জন্য রেজিস্ট্রেশন ফি ১,২০০ টাকা। তবে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। এনামুল হক বলেন, এবারের রিইউনিয়নে শিক্ষকদের সম্মান জানানোতে বেশি জোর দেয়া হচ্ছে। তিনি বলেন, পিতা-মাতার পর একজন শিক্ষার্থীর জীবন গড়ার কারিগর শিক্ষকরা। প্রাক্তন ও বর্তমান সর্বোচ্চ সংখ্যক শিক্ষককে পুনর্মিলনীতে উপস্থিত করা এবং তাদের যথাযথ সম্মান জানাতে নানা প্রস্তুতি নিয়েছে আয়োজক কমিটি। উদ্বোধনী অনুষ্ঠানে পুনর্মিলনী-২০২৬-এর আয়োজক কমিটির আহ্বায়ক আবু ছাইদ বলেন, জীবনের এই দীর্ঘ পথচলায় আমরা অনেক কিছু অর্জন করেছি, অনেক সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু শৈশবের সেই বন্ধু, ক্লাসরুম, মাঠ, করিডোর, শিক্ষকদের শাসন, টিফিনের সময়ের আড্ডা কিংবা ছুটির ঘণ্টার সেই আনন্দ-এসব স্মৃতি কোনোদিন পুরোনো হয় না। ইউএসকেসি রিইউনিয়ন-২০২৬ এর প্রচার উপকমিটির সদস্য সচিব কাজী ফরিদ আহমদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।