শ্রীমঙ্গলে বইপড়া উৎসবের পুরস্কার বিতরণ
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত ব্যতিক্রমী 'বইপড়া উৎসব ২০২৬'-এর সফল সমাপ্তি হয়েছে। ফল প্রকাশ ও সমাপনী অনুষ্ঠানে গত শনিবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ল্যাপটপ পেল ৮ শিক্ষার্থী, একই সঙ্গে চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ৭৪০ জন শিক্ষার্থীকে বই ও সনদপত্র দেওয়া হয়েছে। শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটরিয়ামে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, সকল বিজয়ী ও তাদের অভিভাবক, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা। বই পড়ে মেধা যাচাইয়ের ব্যতিক্রমী প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে অংশ নিয়ে ল্যাপটপসহ আকর্ষণীয় পুরস্কার জিতেছে ৮ শিক্ষার্থী। আটটি ভিন্ন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ ও আকর্ষনীয় পুরস্কার বিজয়ী শিক্ষার্থীরা হলো- ফাতেমা জাহান, রাজশ্রী হালদার, অদ্রিজা পাল, আসাদুজ্জামান শিহাব, উম্মে কুলসুম মীম, তাসনুভা সুহা, উম্মে নাফিসা মাইমুনাহ ও ফাতেমা সুলতানা। এছাড়া প্রতিটি ক্যাটাগরিতে প্রথম ছাড়া আরও ৯ জন করে শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট ও বই প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান।
