ফরিদপুরে মাদক ও যানজট নিয়ন্ত্রণে গুরুত্ব
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফরিদপুর প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, মাদক নিয়ন্ত্রণ এবং শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে ফরিদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়। একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সব পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করা, পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সার্বক্ষণিক নজরদারি জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণার বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিযান অব্যাহত রাখা এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া শহরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।এদিকে, ৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশ আহরণ ও বাজারজাতকরণে আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়। নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এসএম আব্দুল হালিম, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ ড. নিখিল রঞ্জন বিশ্বাস এবং সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মাতীন।
