রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে অনুদান

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে মোট ১৭ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। গতকাল রবিবার সকালে রাজশাহী নগর ভবনের সিটি হল সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতাদের, মহানগর পূজা উদযাপন কমিটির নেতাদের এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, আমাদের সবার লক্ষ্য শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ নির্দেশনা দিয়েছেন।

সে অনুযায়ী সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। আমরা সব সময় আপনাদের পাশে আছি। রাসিক প্রশাসক আরও বলেন, আমরা রাজশাহীকে গ্রিন সিটি ও ক্লিন সিটির পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য অর্জনে নগরবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

সভায় পূজামণ্ডপের নেতারা ওয়াইফাই এর দাবি জানালে তাৎক্ষনিক রাসিক প্রশাসক প্রতিটি পূজামণ্ডপে ওয়াইফাই সংযোগ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। সভায় বক্তব্য দেন- রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নজরুল ইসলাম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন। সভা সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।

সভায় আরও উপস্থিত ছিলেন- রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, আরডিএ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন, এসআরবি-৫ এর সহকারী পুলিশ সুপার মো. আশরাফ প্রমুখ। সভায় সনাতন ধর্মাবলম্বী নেতারা, মহানগর পূজা উদযাপন কমিটির নেতারা এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।