গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ চার
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দম্পতিসহ ৪ জন দগ্ধ হয়েছেন। গত শনিবার রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া শাহ আলম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দগ্ধরা হলেন- বাড়ির ভাড়াটিয়া রোজিনা আক্তার (৩৫), স্বামী শরীফ হোসেন, রোজিনার ভাই রিয়াজ হোসেন (২২), ভাড়াটিয়া রনি মিয়া (১৯)। তাদের মধ্যে রোজিনা আক্তারের শরীরের ৬০ শতাংশ, শরিফ মিয়া ও রিয়াজ হোসেনের ৪০ শতাংশ ও রনি মিয়ার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ শরীফ মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার গড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। রিয়াজ কিশোরগঞ্জের নিকলী উপজেলার কালামপুর এলাকার বসু মিয়ার ছেলে ও রনি পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম মিয়ার ৬ তলায় ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে রাত দেড়টার দিকে বিকট শব্দে বিষ্ফোরণ হয়। পরে তারা কান্নার শব্দ পেয়ে এসে তাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে যায়। প্রতিবেশী লতিফা বেগম জানান, রাতের বিকট শব্দ ও কান্নার শব্দে তাদের ঘুম ভেঙ্গে যায়। বিষ্ফোরণের সময় পুরো ভবন কেঁপে উঠে।
