হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবকের মৃত্যু
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে রোমান মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন ঝলঝলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির কড়ইতলী কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আব্দুল কাদির জানান, নিহত রোমান চোরাকারবারি। আমাদের নিয়ন্ত্রণাধীন এলাকা দিয়ে ভারতীয় গরু নিয়া যাওয়ার সময় তেলীখালী ও কড়ইতলী সীমান্ত ফাঁড়ির যোথ টহলদল তাদের চ্যালেন্স করলে তারা বিজিবির উপর হামলা করলে নায়েক রফিকের গোলাভর্তি বন্দুক দিয়ে সাবধান করার জন্য প্রথমে ফাঁকা আওয়াজ করা হয়। পরবর্তীতে আবার রফিকের হাতে আঘাত করলে তার বন্দুক থেকে অনিচ্ছায় গুলি বের হয়ে রোমান নামের এক চোরাকারবারি আহত হয়। পরে হালুয়াঘাট সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে তাঁর পরিবারের অভিযোগ, ইজারাসংক্রান্ত কাগজপত্র নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে তাঁকে গুলি করা হয়। রোমান উপজেলার ১ নম্বর ভূবনকুড়া ইউনিয়নের বেতকুড়ী গ্রামের আলাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বাঘাইতলা বাজারের ইজারাদার ছিলেন।
রোমানের ছোট ভাই আবু রাইহানের অভিযোগ, রাতে এলাকায় গরু খুঁজছিলেন বিজিবি সদস্যরা। খবর পেয়ে তাঁর ভাই ঝলঝলিয়া গ্রামে যান। সেখানে বাঘাইতলা বাজারের ইজারাসংক্রান্ত কাগজপত্র নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে তাঁকে গুলি করা হয়। আবু রাইহান আরও অভিযোগ করেন, ভোর সাড়ে চারটার দিকে গুলির ঘটনা ঘটলেও প্রায় তিন ঘণ্টা তাঁর ভাইকে ঘটনাস্থলে আটকে রাখা হয়। এ সময় তাঁকে হাসপাতালে নিতে দেওয়া হয়নি। এমনকি কাউকে তাঁর কাছে যেতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
পরিবারের সদস্যদের ভাষ্য, সকাল সাতটার পর রোমানকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। সময় মতো হাসপাতালে নেওয়া হলে তাঁকে বাঁচানো সম্ভব হতো বলে মনে করছেন পরিবারের সদস্যরা। এদিকে ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা দেখা দেয়।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে স্থানীয় লোকজন হালুয়াঘাটে সড়ক অবরোধ করেন। এ বিষয়ে বিজিবি ও মৃত রোমানের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুুতি নিচ্ছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, 'বিজিবির গুলিতে একজন মারা গেছেন। তবে আসলে কীভাবে কী হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।'
