বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে সমষপুর ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারদিন (১৭) মুন্সীগঞ্জ সদর উপজেলার হরপাড়া এলাকার বাসিন্দা মিলনের ছেলে। আহত মোটরসাইকেলচালক মিঠু (২২) শ্রীনগর ইউনিয়নের বাঁশপট্টি এলাকার মৃত সামছুলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ঢাকামুখী লেনে সমষপুর ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় শ্যামলী পরিবহনের একটি বাস। এতে মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা তাঁদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
