রাজবাড়ীতে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকে ঝুটের আড়ালে পাচারের সময় ৩০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার (১২ অক্টোবর) ভোরে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা গ্রামের আমিন উদ্দিনের ছেলে রমজান আলী (৩৪), দিঘীরপাড় গ্রামের মৃত কাওসার আলীর ছেলে ট্রাকচালক আরমান হোসেন ইউনুস (৩০) ও কাগমারী গ্রামের মোঃ মালেক মোড়লের ছেলে ট্রাকের হেলপার আরিফ হোসেন (৩২)। গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মীর মনির হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে ডিবি পুলিশ। ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের ঝুটবোঝাই একটি টাটা কার্গো ট্রাক থামানো হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পালানোর চেষ্টা করলে ট্রাকের চালক, হেলপার ও আরেক ব্যক্তিকে আটক করা হয়। পরে ট্রাকের ভেতরে বক্সে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্রাক, দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার ওজন প্রায় তিন কেজি। যার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে যশোরে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।
