মোহনগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। প্রথম ধাপে উপজেলার তিনটি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হবে। সোমবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিক উদ্দীন, জরিপকারী, সুপারভাইজার ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, মোহনগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করা হবে। এ কাজে ৬২ জন তথ্য সংগ্রহকারী ও ছয়জন সুপারভাইজার মূল দায়িত্ব পালন করবেন। এ ছাড়া রিজার্ভ হিসেবে ছয়জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজার থাকবেন। সব মিলিয়ে মূল দায়িত্ব পালনকারী ৬৮ জন এবং রিজার্ভ হিসেবে সাতজনকে প্রস্তুত রাখা হয়েছে। প্রথম ধাপে ১ নম্বর বড়কাশিয়া-বিরামপুর, ২ নম্বর বড়তলী-বানিয়াহারী ও ৩ নম্বর তেতুলিয়া ইউনিয়নে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম শুরু করার কথা রয়েছে। এ জন্য ১৪ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের এ কাজে ব্যবহারের জন্য ট্যাব সরবরাহ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যদেরও ট্যাব দেওয়া হবে।
সভায় ইউএনও আমেনা খাতুন বলেন, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, আয়সহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন। পরে এসব তথ্য সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে পরিবারের সংখ্যা নির্ধারণসহ পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। যোগ্য ব্যক্তিরা পরবর্তী সময়ে ভাতা পাবেন।
