হাইমচরে ২৪ জেলের কারাদণ্ড
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে আটক ২৮ জেলের মধ্যে ২৪জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের হেফাজতে থাকা এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫ কেজি মা ইলশ ও ছয়টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ। প্রাপ্ত তথ্যে জানাগেছে, সোমবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে হাইমচর উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ও স্থানীয় কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে একদল জেলে নদীতে মাছ ধরছিল। খবর পেয়ে টাস্কফোর্স নদীজুড়ে ঝটিকা অভিযান চালিয়ে ২৮ জন জেলেকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জেলেকে কারাদণ্ড দেওয়া হয় এবং অপ্রাপ্তবয়স্ক ৪ জনকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। অভিযান চলাকালে জব্দ ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছ ধরার ৬টি নৌকা কোস্টগার্ড হেফাজতে এবং জব্দ ১৫ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, ইলিশ নিরাপদে মেঘনায় ডিম ছাড়ার সুযোগ করে দিতে অভিযান অব্যাহত থাকবে। ২৯ অক্টোবর পর্যন্ত অভয়াশ্রম এলাকায় উপজেলা টাস্কফোর্স কঠোর অবস্থানে থাকবে।
