নারী জেলেরাও মানছেন না ২২ দিনের নিষেধাজ্ঞা

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে নারী জেলেরা মা ইলিশ শিকারে মেতে উঠেছেন। অভিযান অব্যাহত থাকলেও প্রকাশ্য দিবালোকে চলছে মা ইলিশ শিকার। অসাধু জেলেরা অভিযানের ফাঁকে মা ইলিশ ধরা অব্যাহত রেখেন। জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা ও প্রশাসনের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে চলছে মা ইলিশ শিকারের মহাউৎসব। নিষেধাজ্ঞার সময়েও অবাধে মা ইলিশ শিকার করছেন অসাধু জেলে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার তেঁতুলিয়া নদীর বাঁশবাড়িয়া, ঢনঢনিয়া, গোলখালী, কাটাখালী, আউলিয়াপুর, রণগোপালদী ও পাতারচর এবং চরবোরহানের বিভিন্ন পয়েন্টে তলছে এই অবাধে মা ইলিশ শিকার। নদীতে মাছ ধরার ট্রলার গুলোয়ে অত্যাধুনিক ফাইটার ইঞ্জিন লাগিয়ে বেপরোয়া ভাবে দাপিয়ে বেরাচ্ছেন জেলেরা। গতকাল বুধবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া এলাকার নদীতে গিয়ে এমন চিত্র দেখা যায়। সরেজমিন দেখা যায়, প্রায় ৭-৮টি মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা নিবিঘ্নে নদীতে জাল পেতে মা ইলিশ শিকার করছেন। অথচ প্রশাসনের পক্ষ থেকে মা ইলিশ রক্ষায় নদীতে কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

এবিষয়ে উপসহকারী মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, তেঁতুলিয়া নদীর উত্তর প্রান্তে কয়েকটি নারী জেলের দল একাধিক ট্রলার নিয়ে আমাদের সীমানায় মা ইলিশ শিকার করতে আসেন। মূলত ওরা বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি বাজার এলাকার লোকজন। তাদেরকে আটক করলে তারা তাদের অবুঝ ছোট ছোট ছেলে-মেয়েদের নদীতে ফেলে দিয়ে আমাদের ভয়ভীতি দেখান। তবে আজ থেকে কঠোর ভাবে ২২ দিনের নিষেধাজ্ঞা পরিচালনা করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা জানান, আমি নিজেই তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করতেছি। নৌপুলিশ, থানা পুলিশ ও মৎস্য বিভাগকে কঠোরভাবে সরকারি নিষেধাজ্ঞায় মা ইলিশ রক্ষায় কাজ করার পরামর্শ প্রদান করা হয়েছে। ইতোমধ্যে একাধিক মৎস্য জেলে ও জাল ট্রলার জব্দ করা হয়েছে।