খুবিতে পিআইবির প্রশিক্ষণ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা ব্যুরো

খুলনায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-র আয়োজনে খুলনা জেলা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেক বিষয়ে তিনদিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৭০ জন সাংবাদিকের মধ্যে সনদ বিতরণ করা হয়। গতকাল বিকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত সামাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ার।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। বিশেষ অতিথির বক্তব্যে ফারুক ওয়াসিফ বলেন দেশকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাখতে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা জরুরি। তিনি আরও বলেন, সাংবাদিকতা ও জনগণের সুরক্ষার জন্যই ফ্যাক্টচেকিং করতে হবে। এ জন্য পিআইবি দেশজুড়ে সাংবাদিকদের প্রশিক্ষিত করার কাজ করে চলেছে। প্রধান অতিথি অধ্যাপক রেজাউল করিম বলেন সাংবাদিকদের অবশ্যই সফট স্কিল অর্জন করতে হবে। এতে তাদের নানা ধরনের কাজের সুযোগ তৈরি হবে।

তিনি সাংবাদিকদের সুচিন্তিত উপায়ে এআই বা কৃত্রিম বুদ্ধিমতার দক্ষতাকে তাদের কাজে ব্যবহার করতে অনুরোধ করেন। সভাপতি মোস্তফা সরোয়ার বলেন এআই সাংবাদিকদের কাজকে সহজ করছে বটে, কিন্তু অবাধে এআইএর সহযোগিতা নিয়ে যাচাই-বাছাই ছাড়া তথ্য নেওয়ার ফলে অনেক ভুল তথ্যও চলে আসছে এবং সাংবাদিকতা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে।

গত ১২ অক্টোবর খুলনা প্রেসক্লাবে খুলনা জেলার ৩৫ জন সাংবাদিকের জন্য এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় আইকিউএসি ট্রেনিং রুমে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৩৫ জন সদস্যের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেক বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাল্টিমিডিয়া স্টোরিটেলিং, মোবাইল জার্নালিজম, সাংবাদিকতায় এআই টুলের ব্যবহার এবং ফেক নিউজ শনাক্তকরণের আধুনিক কৌশলসমূহ হাতে-কলমে শেখানো হয়।