ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার বৃহত্তম ইউনিয়ন ১ নং ভোগডাবুড়ী ইউনিয়ন থেকে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী। এসময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মাহমুদ, ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, ইউপি সদস্য আব্দুল খালেক, আব্দুর রউফ উপস্থিত ছিলেন। এছাড়া তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত ১৪জন তথ্য সংগ্রহকারী, একজন সুপারভাইজার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী তার বক্তব্যের প্রথমেই ফ্যামিলি কার্ডের উদ্দোগ গ্রহনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।তিনি বলেন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তথ্য সংগ্রহকারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পাশাপাশি সুপারভাইজারকে যথাযথভাবে তদারকি করতে হবে, যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে। তিনি আরও বলেন, এ কার্যক্রম সফল করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। ভোগডাবুড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডগুলোতেও তথ্য সংগ্রহ করা হবে। সরকারের এ উদ্যোগ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।