যমুনায় শিকারের দায়ে আটক দুই

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীতে অবৈধ বৈদ্যুতিক শক (ইলেকট্রিক ফিশিং) যন্ত্র ব্যবহার করে মাছ শিকার করায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ব্যবহৃত ইলেকট্রিক ফিশিং সরঞ্জাম জব্দ করা হয়। তারা হলো, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বেড়া পাঁচকড়িয়া গ্রামের ফরিদ শেখের ছেলে চান মিয়া (৩১) ও মজিবর রহমানের ছেলে শাকিল (২৩)। সিরাজগঞ্জ সদর নৌ থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যমুনা নদীতে অবৈধ বৈদ্যুতিক শক দিয়ে তারা মাছ শিকার করছে দীর্ঘদিন ধরে। এতে মৎস্যসম্পদ ও নদীর জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোরে ওই উপজেলার গোদারবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।