এমপি আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

বাংলাদেশ শিক্ষক সমিতি, চারঘাট উপজেলা শাখার আয়োজনে রাজশাহীর চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে চেক বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, শিক্ষকেরা জাতি গঠনের কারিগর। একটি শিক্ষিত, উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকসমাজের অবদান অনস্বীকার্য। তিনি আরও বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। অবসরপ্রাপ্ত শিক্ষকরা দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তারে যে অবদান রেখেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। তাঁদের কল্যাণ ও সম্মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে। বাংলাদেশ শিক্ষক সমিতি, চারঘাট উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, চারঘাট মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আখতার জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম, শিক্ষক সমিতির সহ-সভাপতি মোমিনুল হক (মমিন), সাধারণ সম্পাদক এ কে এম রশিদুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম (মান্নাফ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আব্দুল বারী। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।