সীমান্তের ৫০ পূজামণ্ডপে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার ৫০টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বরত তিনটি ব্যাটালিয়ন থেকে বিজিবির সদস্যরা শুক্রবার থেকে দুর্গাপূজার বিসর্জন পর্যন্ত অর্থাৎ ২২ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন তারা মাঠপর্যায়ে এই দায়িত্ব পালন করবেন। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ৫৩ বিজিবি, ৫৯ বিজিবি ও ১৬ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়করা এ তথ্য নিশ্চিত করেছেন।

৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মনকষা, সদর উপজেলার ওয়াহেদপুর ও হাকিমপুর এবং পার্শ্ববর্তী গোদাগাড়ী উপজেলায় কিছু এলাকার ১০টি মণ্ডপের নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি সদস্যরা মোতায়েন করা হবে। এছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের আশেপাশে আরও ১০ টি মণ্ডপের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতিতে দায়িত্ব পালন করার জন্য আরও দুই প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হবে। এরইমধ্যে বিজিবি সদস্যরা রেকি ও প্রস্তুতিমূলক টহল সম্পন্ন করেছেন। তিনি আরও বলেন, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরতে কাজ করবে বিজিবি সদস্যরা। বিশেষ করে গুজব ও সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেবে বিজিবি সদস্যরা। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন অপু জানান, ৫৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এর মধ্যে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ১২টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে আরও একটি পূজামণ্ডপ রয়েছে। ১৩টি পূজা মণ্ডপের নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। এসব পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দুটি বেইজ ক্যাম্প স্থাপন করবে বিজিবি। তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্যের প্রতিফলন। সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন এ জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

এদিকে ১৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা গোমস্তাপুর উপজেলার ১৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুর ইসলাম মাসুম। তিনি বলেন, আরও দুই প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হবে। যে কোন পরিস্থিতিতে প্রয়োজন হলে দায়িত্ব পালন করবে তারা।