ভাঙ্গুড়ায় চায়না দুয়ারি জাল ধ্বংস

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৭৬টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দ জালগুলোর আনুমানিক বাজারমূল্য দুই লাখ ২৮ হাজার টাকা। গত বুধবার উপজেলার কয়ড়া, শ্রীপুর, জয়রামপুর ও বাঁশবাড়িয়া এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দ জালগুলো নৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজমসহ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীরা। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।