কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- উপজেলার বড়চওনা ইউনিয়নের ইকুরিয়াপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন সরকার (৩৫) ও দাড়িপাকা গ্রামের আব্দুর রহমানের ছেলে মজিবর রহমান (৫৫)। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, কিশোরীটি বড়চওনা বাজারের আল আমিন সরকার পরিচালিত একটি একাডেমিতে বাউল গান শিখতে নিয়মিত যাতায়াত করত। এ সময় যাতায়াতের পথে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। পরে তাকে ফুসলিয়ে ভালুকার একটি রিসোর্টে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের। এ ঘটনায় সখীপুর থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, ধর্ষণ মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।