রাজবাড়ীতে ১৫ মামলার আসামিকে গুলি করে হত্যা

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ ১৫টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন রাজনের দোকানের কাছে এ ঘটনা ঘটে। নিহত পিয়ারুল ওই এলাকার হারান শেখের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এশার নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে ওজু করছিলেন পিয়ারুল। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এতে তাঁর শরীরে দুটি গুলি লাগে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বুকের বাঁ পাশসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ পিয়ারুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, পিয়ারুলের বিরুদ্ধে হত্যা মামলাসহ ১৫টি মামলা রয়েছে।