সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৮১২১ শিক্ষার্থী

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এ শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি আদায় করা যাবে না বলে নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী সারা দেশের মতো সাতক্ষীরায়ও এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলার সাতটি উপজেলার ১ হাজার ২১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৮ হাজার ১২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলায় ২৩৫টি বিদ্যালয়ের ১ হাজার ৮১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এ ছাড়া আশাশুনিতে ১৬৯টি বিদ্যালয়ের ১ হাজার ৬২ জন, কলারোয়ায় ১৩৪টি বিদ্যালয়ের ১ হাজার ১৫০ জন, কালীগঞ্জে ১৫৭টি বিদ্যালয়ের ১ হাজার ৭১ জন, তালায় ২২৪টি বিদ্যালয়ের ১ হাজার ২১১ জন, দেবহাটায় ৬১টি বিদ্যালয়ের ৫৭৯ জন এবং শ্যামনগরে ২৩০টি বিদ্যালয়ের ১ হাজার ২৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৩ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি না নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তরের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর বাংলা, ২১ ডিসেম্বর ইংরেজি, ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।